শীত বা বৃষ্টিতে আমাদের দেশের মানুষের মন একটু ভিন্ন হয়ে যায় বলে আমি মনে করি। এই সময়ে আমাদের দেশের মানুষেরা একটু ভাল খেতে চান! হা হা হা, এই সময়ে ভুনা মাংশের সাথে খিচুড়ি হলে আমাদের দেশের অনেক মানুষের মন চাঙ্গা হয়ে উঠে। আমি নিশ্চিত, আপনারা কি বলেন!
আজ আপনাদের এমনি একটা মজাদার খিচুড়ি রান্না দেখাবো, অবশ্য এমন খিচুরি রান্না আগেও অনেক দেখিয়েছি। তবে আজকের রান্নার ডাল মিশ্রনে একটা ভিন্নতা আছে, মুগ এবং মুশরী ডাল মিশিয়ে এই রান্না হয়েছে। খেতে ও দেখতে অনেক মজাদার হয়েছে।
গল্প করার আর সময় নেই, আজকাল সময় হাতে পাচ্ছি না। চার পাশ থেকে সবাই কেমন যেন গলা টিপে মেরে ফেলতে চায়! সামান্য সুযোগ বা সময় দিতেও সবাই কার্পন্য করছে! যেখানেই যাচ্ছি ঝগড়া ঝাটি বা কেচ্ছাকাহিনী, শান্তি নেই একদন্ড। নিজের মত করে সময় না পেলে কি আর গল্প লিখা যায়। মোট কথা, গল্প লিখতে যে ভাবনার বা সময়ের দরকার তা আর পারছি না। মরে গেলেও হয়ত এই কথা অনেকেই বুঝাতে পারবো না! এই তো দুনিয়া, দুই দিনের বটেই তবুও আমাদের ভাবখানা এমন যে, ‘ছাইর্যা কথা কমু না! দেইখ্যা লমু!’
যাই হোক, চলুন আমাদের রেসিপি দেখে নেই। খুব সহজ এবং সাধারন রান্না।
পরিমান ও উপকরনঃ (৬/৭ জনের জন্য)
— চিকন চাল, ৭৫০ গ্রাম
– মুগ ডাল, ২৫০ গ্রাম
– মুশরী ডাল, ২৫০ গ্রাম
– পেঁয়াজ কুঁচি, কয়েকটা
– আদা বাটা, ১ টেবিল চামচ
– রসুন বাটা, ১ চা চামচ
– গুড়া লাল মরিচ, হাফ চা চামচ
– গুড়া হলুদ, এক চা চামচের কিছু কম (যারা খিচুড়ি একটু বেশী হলদে করতে চান তারা একটা বেশী দিতে পারেন)
– এলাচি, কয়েকটা
– দারুচিনি, কয়েক পিস
– কয়েকটা কাঁচা মরিচ কুঁচি, ঝাল বুঝে
– লবন (লবন প্রথম চোটে কম দিবেন, পরে লাগলে দিবেন)
– তেল, পনে এক কাপ বা এক কাপ
– পানি, পরিমান মত
প্রনালীঃ চাল ডালের মিশ্রনঃ

মুগ ডাল সামান্য ভেজে নিয়ে পানিতে ধুয়ে ফেলুন এবং চাল ও মুশরী ডালের সাথে মিশিয়ে নিন।

চাল ও ডাল গুলো মিশিয়ে ভাল করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন এবং এর পর মুল রান্নায় নেমে পড়ুন।
মুল রান্নাঃ

ছবি ১, তেল গরম করে তাতে এলাচি ও দারুচিনি দিন।

ছবি ২, এবার পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ দিন। (কাঁচা মরিচ তেলে ফুটে উঠে তাই সাবধানে বা চিরে দিতে পারেন)

ছবি ৩, এবার আদা, রসুন, মরিচ গুড়া ও হলুদ গুড়া দিয়ে দিন। এই সময়ে এক চা চামচ লবন দিন। (রঙ বেশি কড়া চাইলে সামান্য হলুদ বেশি দিতে পারেন)

ছবি ৪, ভাল করে ভেজে নিন। ঘ্রান বের হবে।

ছবি ৫, এবার চাল ডাল দিয়ে দিন।

ছবি ৬, ভাল করে ভেজে নিন।

ছবি ৭, এবার পানি দিন।

ছবি ৮, পানি চালের দেয় ইঞ্চি উপরে হতে হবে এবং এই সময়ে ফাইন্যাল লবন দেখুন। পানি কটা হতে হবে, লাগলে আরো লবন দিন। (নুতন চালের ক্ষেত্রে পানি কম লাগে)

ছবি ৯, এবার ঢাকনা দিয়ে দিন,আগুন মাধ্যম আঁচে থাকবে।

ছবি ১০, মাঝে মাঝে দেখে নিতে পারেন, না দেখেও মিনিট ১৫ পরে দেখলেও চলে।

ছবি ১১, এই অবস্থায় এসে যাবে। এবার নাড়িয়ে দিতে পারেন।

ছবি ১২, এবার দেশি কায়দায় দম দিতে পারেন। (পাতিলের তলায় আসলে একটা লোহার খোলা বসিয়ে দিতে পারেন, এতে আগুন কম লাগবে এবং আস্তে আস্তে হয়ে যাবে)

ছবি ১৩, ঠিক এমনি হয়ে যাবে। যদি দেখেন চাল শক্ত আছে তবে পানির ছিটা দিয়ে আবারো ঢাকনা দিয়ে রাখুন কিছু সময়ে আর যদি দেখেন নরম হয়ে যাচ্ছে, সাথে সাথে ঢাকনা খুলে ভাল করে নাড়িয়ে দিন। (এই ধরনের রান্না ছড়িয়ে চুলার ধার ছেড়ে যাবেন না।)

ছবি ১৪, ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

ছবি ১৫, অপূর্ব, অসাধারন। দুই পদের ডালের মিশ্রন খিচুড়ি সত্যি মজাদার। বিশেষ করে মুগ ডালের মৌ মৌ ঘ্রান, আমাদের দেশীদের খেতে পাগল করে তুলবেই!
বছরের বিশেষ যে কোন দিনে এমন খিচুড়ি রান্না করতে পারেন, তেমন আর কি কাজ! সবাইকে শুভেচ্ছা।
কৃতজ্ঞতাঃ মানসুরা হোসেন